হবিগঞ্জে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

৩১ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিভিন্ন স্লোগানে স্লোগানে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে জেলা শহরের প্রধান সড়কে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে সভাপতির বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান। বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান প্রমুখ।

এতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা ও তাদের নিবন্ধন বাতিল করতে হবে। একই সঙ্গে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।