০৩ সেপ্টেম্বর, ২০২৫
অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বসুন্ধরা শুভসংঘ। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট সদর উপজেলার চাঁদনি বাজার সংলগ্ন সরকারি আবাসনে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।
কর্মসূচির আওতায় ৬ জন অসচ্ছল নারীর হাতে উন্নত জাতের মুরগি, মুরগির খাঁচা এবং এক মাসের খাবার উপহার হিসেবে তুলে দেন সংগঠনের নেতারা। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যাশা করা হচ্ছে, নারীরা নিজ উদ্যোগে ছোট পরিসরে খামার গড়ে তুলে পরিবারে আর্থিক সাপোর্ট দিতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি সৌরভ ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান, ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন সিয়াম, কার্যকরী সদস্য মাবিয়া রহমান, কার্যকরী সদস্য লাবু মিয়া ও সদস্য আহসানুল আবির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকে। কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আরো জানান, ভবিষ্যতেও লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সামান্য উদ্যোগ থেকেও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নারীরা যদি স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, তবে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।
স্থানীয় উপকারভোগী নারীরা এমন কার্যক্রম পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ উদ্যোগ তাদের পরিবারে বেশ কাজে আসবে।