০৬ সেপ্টেম্বর, ২০২৫
শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের নামি চিত্রগ্রাহক অমিত রায়। যিনি এর আগে অ্যানিমেল, দেবা, সরকারসহ বহু আলোচিত সিনেমায় ক্যামেরার কাজ দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন।
এমন খবরটি জানিয়েছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ‘প্রিন্স’-এ অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘প্রিন্স’ এখন কিংবদন্তির লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।
জানা গেছে, নব্বইয়ের শেষ থেকে ২০০০-এর শুরুর দিকে ভারতীয় কিংবদন্তি নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। ২০০৩ সালে ‘ডারনা জরুরি হ্যায়’ সিনেমার একটি এপিসোডে তিনি এমন এক দৃশ্য নির্মাণ করেন যা মুগ্ধ করেছিল পরিচালক সাজিদ খান ও রামগোপাল ভার্মাকে।
এরপর তিনি ২০০৫ সালে কাজ করেন অমিতাভ বচ্চন অভিনীত ভার্মার কাল্ট ফিল্ম ‘সরকার’-এ। তারপর অমিত রায়কে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
নিঃশব্দ, দাস কাহানিয়া, সরকার রাজ, দম মারো দম, লাভ আজকাল থেকে হাল সময়ের ডানকি ও অ্যানিমেল-এর মতো সিনেমায় ডিওপি হিসেবে কাজ করেছেন।
পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে বলেন, “আমরা শুরু থেকেই বলছিলাম ‘প্রিন্স’ হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।
‘প্রিন্স’ সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে তিন নায়িকা থাকবে বলে জানানো হয়েছে, তবে কারা থাকছেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।