সরিষাবাড়ীতে নৌকাডুবিতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মিলল শিশুর ভাসমান লাশ

০৭ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর শিশু শোভার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বড়বাড়ীয়া বেলি ব্রিজ বাবলু মেম্বারের বাড়ি সংলগ্ন ঝিনাই নদে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ডিউটি অফিসার এ এস আই শাহাদাৎ হোসেন।

এর আগে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করতে শনিবার সকাল থেকে অভিযান কার্যকর শুরু করে। দিনভর চেষ্টা চালিয়ে উদ্ধার না করতে পেয়ে সন্ধ্যায় অভিযান স্থগিত করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার নৌকা বাইচ খেলা দেখে মোর্শেদা বেগম ও তার মেয়ে বাড়ি ফেরার জন্য খেয়া ঘাটে আসেন।

খেয়া ঘাটের মাঝি না থাকায় নৌকার যাত্রীরাই নৌকা পারাপার করছিল। এসময় নদীর মাঝপথে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও এক নারী নদীতে ডুবে মারা যায়। সেই সঙ্গে নদীতে পড়ে ওই নারীর মেয়ে শোভা আক্তার নিখোঁজ হন।