০৭ সেপ্টেম্বর, ২০২৫
বগুড়ার ধুনট উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে খেলতে নেমে পানিতে ডুবে আয়শা খাতুন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের কামাল পাশার মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে আয়শা তার মায়ের সঙ্গে নানা আব্দুস ছোবাহানের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে পাড়ার সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির অদূরে একটি পুকুরে খেলতে নামে। পুকুরের পাড় থেকে লাফিয়ে ঝাপাঝাপি খেলায় মেতে থাকার একপর্যায়ে আয়শা পানিতে তলিয়ে যায়। তবে অন্যান্য শিশুরা বিষয়টি টের না পাওয়ায় দেরিতে খোঁজ শুরু হয়। পরে স্বজনরা পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।