০৯ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।
এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা।
কেউ কেউ ভোটকেন্দ্রে আসতে শুরু করেছেন। আবার কেউবা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়েছেন। দীর্ঘ বিরতির পর আয়োজিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের শিক্ষার্থী নাসিম আহমেদ বলেন, ‘আজ একটা ঈদের অনুভূতি পাচ্ছি। ঈদের দিন সকালে যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে সবাই নামাজ পড়তে যায়, ঠিক তেমনি আজ সবাই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছি। এই ধারা অব্যাহত থাকুক।’
গত রবিবার (৭ সেপ্টেম্বর) ছিল ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন।
এদিন ক্যাম্পাসজুড়ে প্রার্থীরা লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা করেন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।
এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।