০৯ সেপ্টেম্বর, ২০২৫
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও, চলতি সপ্তাহে আবারও বাড়তে শুরু করেছে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন, আর বাকি ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৬,৪০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগ আরও জোরদার করা হয়েছে।