নিজ বাড়ি থেকে জনপ্রিয় ইউটিউবারের মরদেহ উদ্ধার

১১ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও গেমার না ডং-হিউনের রহস্যজনক মৃত্যু। গত শনিবার (৬ সেপ্টেম্বর) সিউলে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। 

আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে দীর্ঘ পাঁচ ঘণ্টার একটি লাইভস্ট্রিমং করেছিলেন তিনি। তার কয়েকদিন পরই মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি এক বন্ধুর সঙ্গে একটি বৈঠকের কথা ছিল। কিন্তু পূর্ব নির্ধারিত সময় তাঁকে না পেয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। সাড়া না পাওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে পুলিশ না-ডং-হিউনের বাসায় গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। না-ডং-হিউনের ঘর থেকে দুর্বৃত্তের হানা, সহিংসতার চিহ্ন কিংবা বাড়িতে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের আহ্বান করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। 

তদন্ত কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, না-ডং-হিউনের মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তারা। এমনকি আগে থেকে কোনো রোগে আক্রান্ত ছিলেন কিনা, সেটিও দেখা হচ্ছে।

বলে রাখা ভালো, সোশ্যাল মিডিয়ায় প্রায় ১৫ লাখের বেশি অনুসারী ছিল না-ডং-হিউনের। গত সপ্তাহেই সিউল ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন।