ডাকসু ফলের পর মেঘমল্লারকে নিয়ে যা বললেন আশিকুর

১১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচারণার নতুন ঢঙে আলোচনায় এসেছিলেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান। জিএস পদে আরেক প্রার্থী মেঘমল্লার বসুর চেয়ে ভোট বেশি পাবেন বলে জানিয়েছিলেন তিনি। তবে বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত ফলে দেখা যায়, ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে আশিকুর রহমান পেয়েছেন মাত্র ৫২৬ ভোট। আর মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯টি ভোট।

গত ২৩ আগস্ট গণমাধ্যমকে মো. আশিকুর রহমান জানিয়েছিলেন, ‌‌‌‘ডাকসু নির্বাচনে আমি অন্তত মেঘমল্লার বসুকে হারাব। আমি যেহেতু একটা পদে দাঁড়িয়েছি, অবশ্যই আমি একটা কিছু নিয়ে ফিরব। যারা আদর্শের রাজনীতি করে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডিডেট হলো মেঘমল্লার। ওরে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না।

‌‌‌প্রকাশিত ফলাফলে দেখা গেছে মেঘমল্লার বসুর থেকে অনেক কম ভোট পেয়েছেন আশিকুর রহমান। ভোটের ফল প্রকাশ করার পর আশিকুর রহমান তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আশিকুর রহমান। সেখানে তিনি মেঘমল্লার বসুর প্রতি সম্মান বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে আশিকুর রহমান বলেন, ‌‌‌‘তোমার প্রতিপক্ষের শক্তি স্বীকার করতে হবে।

ভেবেছিলাম যাকে হারিয়ে অন্তত সেকেন্ড লাস্ট হবো সে আজ ১৯ জনের মধ্যে তৃতীয় পজিশনে আর আমি ষষ্ঠ পজিশনে। আপনার (মেঘমল্লার বসু) প্রতি সম্মান বেড়ে গেল ভাই।’

জিএস পদে সবার ভোট সংখ্যা দিয়ে তিনি আরো লিখেছেন, ‌‌‌‘লিফলেট পোস্টার ছাড়া, জিরো ইনভেস্টমেন্টে এত এত হেভিওয়েটদের ভিড়ে তাও আবার জিএস পদে হঠাৎ দাড়িয়ে এই পজিশনে আসা কোনমতেই আমার কাছে কম কিছু নয়। অনেক প্যানেলের প্রার্থীদের থেকেও বেশি ভোট পেয়েছি। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।

আর যারা এত কিছুর পরেও আমার ওপর ভরসা রেখে আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এটাই আমার ম্যান্ডেট সুযোগ থাকলে ইনশাআল্লাহ পরের বছর আরো শক্তিশালী রূপে আবার দেখা হবে। আপাতত পড়ালেখায় মনোনিবেশ করি।’