১১ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদরাসায়ে ওমর বিন খাত্তাব (রা.)-এর এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম আসাদুজ্জামান ইশতিয়াক (১৫)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের জাকির হোসেন ও সোনিয়া বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান বাজারস্থ খান মঞ্জিলের পঞ্চম তলায় অবস্থিত মাদরাসায়ে ওমর বিন খাত্তাব (রা.)-এ বিদ্যুতের টানা তারে জড়িয়ে পড়ে ইশতিয়াক। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্বজনরা মরদেহ নিয়ে শ্রীনগরের সুন্দারদিয়া গ্রামের নিজ বাড়িতে চলে যান। এ সময় নিহতের পরিবার স্থানীয়ভাবে মাদরাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহকে (২৫) মারধর করে আটকে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।