১১ সেপ্টেম্বর, ২০২৫
ভারত-পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের ম্যাচ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কয়েকজন আইন শিক্ষার্থী। তবে আবেদনটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খারিজ করে দিয়েছেন আদালত। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এশিয়া কাপে দুই দেশের ম্যাচ বন্ধ করতে জনস্বার্থে মামলা (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) দায়ের করেছিলেন আইন বিভাগের চার শিক্ষার্থী, যাদের নেতৃত্বে ছিলেন উর্বশী জৈন।
তাদের যুক্তি ছিল, সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর-এর প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে এমন ম্যাচ জাতীয় মর্যাদার প্রতি অবমাননা। পিটিশনে বলা হয়, 'সৈন্যদের আত্মত্যাগ, নাগরিকদের নিরাপত্তা এবং দেশের স্বার্থের চেয়ে বড় হতে পারে না একটি ক্রিকেট ম্যাচ।'
তারা এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে ম্যাচ বাতিল এবং ভবিষ্যতের জন্য ‘ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট ২০২৫’ কার্যকর করার অনুরোধ করেন। তবে বিচারপতি জেকে মহেশ্বরি ও বিজয় বিষ্ণয়ের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। বিচারক মহেশ্বরি বলেন, 'এটি শুধু একটি ম্যাচ, ঠিকভাবে হতে দিন। রোববার ম্যাচ হচ্ছে বলে তাড়াহুড়োর দরকার নেই।'
পিটিশনকারীদের আইনজীবী আবেদনটি অন্তত শুনে দেখার অনুরোধ জানালেও আদালত স্পষ্টভাবে তা নাকচ করে দেন। বিচারপতির মন্তব্যে বিষয়টিকে গুরুত্বহীন বলেই ইঙ্গিত দেওয়া হয়।
এদিকে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার সবদিক বিবেচনায় রেখেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, 'টুর্নামেন্ট যদি বহুজাতিক হয়, আর কোনো দল অংশ না নেয়, তবে সংশ্লিষ্ট ফেডারেশনকে শাস্তির মুখে পড়তে হতে পারে। এতে খেলোয়াড়দের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।'
এশিয়া কাপে ভারত ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে। আসছে রোববার (১৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।