সমাজ ও দেশকে এগিয়ে নিতে রাজনীতি অপরিহার্য : এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

১৪ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী বলেছেন, সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি অপরিহার্য। তিনি বলেন, ব্যবসা যেমন চলছে তেমনি সামাজিক কাজেও আমি নিরলসভাবে যুক্ত আছি। রাজনীতিতেও এসেছি সমাজ ও দেশের পরিবর্তনের জন্য। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে ‘কুষ্টিয়ার উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ সাদী জানান, ব্যবসার পাশাপাশি কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে কাজ করছেন। তার প্রতিষ্ঠান এশিউর গ্রুপে কুষ্টিয়ার এক হাজারের বেশি মানুষ কর্মরত আছেন। প্রতিষ্ঠান থেকে পাওয়া বেতনের অর্থ দিয়েই তিনি দেড়শ শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তা করছেন বলেও জানান।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ সাদী বলেন, শুধু ব্যবসা করলে নিজের পরিবারকে হয়তো ভালো রাখা যায়।

কিন্তু সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি অপরিহার্য। ব্যবসায়ী হিসেবে যা করতে পেরেছি করেছি, এখন চাই রাজনীতির মাধ্যমে আরও বড় পরিবর্তন আনতে। 

তিনি দাবি আরো বলেন, আমি কাজে বিশ্বাসী। কাজ কখনো মানুষের সঙ্গে বেঈমানি করে না।

আমার লক্ষ্য কুষ্টিয়ার কুমারখালী ও খোকসার উন্নয়নকে গতিশীল করা।

মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক রনজক রিজভী। কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, তারিকুল হক তারিক, শরীফুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।