সন্তানকে সাথে নিয়ে ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে ভারতীয় নারী

১৪ সেপ্টেম্বর, ২০২৫

ছেলের দীর্ঘস্থায়ী মানসিক রোগ নিয়ে হতাশ হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ভারতীয় নারী।ছেলেকে নিয়ে ১৩ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুর আগে ‘সরি’ লিখে একটি চিরকুট রেখে যান তিনি।

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, ওই নারীর নাম সাক্সি চাওলা। তিনি স্বামী দর্পন চাওলা ও তাদের একমাত্র সন্তান দাক্সকে নিয়ে নয়ডার এস সিটিতে বসবাস করছিলেন। তার ছেলে দাক্স গত এক যুগ ধরে মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলো।

এতে হতাশ হয়ে পড়েন সাক্সি। স্বামী দর্পন চাওলা পেশায় একজন চার্টার্ড একাউনট্যান্ট। বলেন, দুর্ঘটনার সময় তিনি অন্য কক্ষে ছিলেন। এক পর্যায়ে চিৎকার শুনে এগিয়ে আসেন। বেলকনিতে এসে তিনি দেখেন, তার স্ত্রী ও সন্তান মাটিতে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে এবং সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে তার ওই বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করেন। সেখানে সাক্সি তার স্বামীকে উদ্দেশ্য করে লেখেন, আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি।

আমরা তোমাকে আর যন্ত্রণা দিতে চাইনা। আমাদের জন্য তোমার জীবন নষ্ট হওয়া উচিত না। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা সন্দেহ করছে, ওই নারীর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। এ বিষয়ে তদন্ত চলমান।