১২ ফেব্রুয়ারি, ২০২১
করোনার দ্বিতীয় ঢেউ এর মাঝে আবার নতুন ধরণ। এ নিয়ে পুরো বিশ্বে চলছে টালমাটাল অবস্থা। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। করোনার টিকা অনুমোদন করার পরও থামছেনা করোনার মৃত্যুর মিছিল। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৮২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ ৭৭ হাজার।
করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৯৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৭৭ হাজার ১১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি তিন লাখ আট হাজার ৩১৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৫৩২ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭২৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৪৮৪ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত কোভিড-১৯এ সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ১৬ হাজার ২৯৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৯৭ জনের।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।