১৬ সেপ্টেম্বর, ২০২৫
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত। তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সার চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল। এটি মানবিক দৃষ্টিতে দেখা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘ক্যান্সার আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সার চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল।
এটি মানবিক দৃষ্টিতে দেখা উচিত।’
তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত স্বাস্থ্য সংকটের কারণে কারো দায়িত্ব পালনে প্রশ্ন তোলা ঠিক নয়। বরং আমরা এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে কাউকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়।’
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল।
তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এ অবস্থার পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। চীনের সহযোগিতায় দেশে আধুনিক ও উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসা দেশেই নিশ্চিত করবে।’