সাকিব ঝড়ও থামাতে পারল না অ্যান্টিগার বিদায়

১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে দারুণ ব্যাটিং করলেন সাকিব আল হাসান। কিন্তু তার ঝড়ো ইনিংসও দলকে বাঁচাতে পারল না ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ফ্যালকনসকে।

মাত্র ৯ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন সাকিব। সুনীল নারিনের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচে গতি ফেরানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে দলের ইনিংসে আর কেউ বড় অবদান রাখতে না পারায় ২০ ওভারে ফ্যালকনস থামে ৮ উইকেটে ১৬৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নেয় ত্রিনবাগো। নিকোলাস পুরান ৫৩ বলে অপরাজিত ৯০ ও অ্যালেক্স হেলস ৪০ বলে ৫৪ রান করেন। দুজনের অবিচ্ছেদ্য ১৪৩ রানের জুটিতেই নিশ্চিত হয় বড় জয়।

বল হাতে সাকিব ৩ ওভারে ২৪ রান দিলেও উইকেট পাননি। তার ব্যাটিং-বোলিংয়ের ঝলক সত্ত্বেও ৯ উইকেটে হেরে বিদায় নিল অ্যান্টিগা ফ্যালকনস।