নাইজারে বন্দুক হামলায় নিহত ২২

১৮ সেপ্টেম্বর, ২০২৫

নাইজারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ও তাকুবাতের উপকণ্ঠে এ হামলা চালায়।

স্থানীয় গণমাধ্যম ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার বুরকিনা ফাসো ও মালির কাছে টিলাবেরি অঞ্চলে এ হামলা চালানো হয়। আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)-এর সঙ্গে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় রয়েছে।

এলাকার একজন বাসিন্দা এএফপিকে জানান, তাকুবাত গ্রামে একটি বাপ্তিস্ম অনুষ্ঠানে প্রথমে ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়।

হামলাকারীরা মোটরসাইকেলে এসে এ হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, ‘হামলাকারীরা এরপর তাকুবাতের উপকণ্ঠে যেয়ে আরও সাত জনকে হত্যা করে।’

স্থানীয় সংবাদমাধ্যম এলমায়েস্ট্রো টিভি জানায়, কোনো প্রকার কারণ বা যুক্তি ছাড়াই ২২ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।

নাইজেরিয়ার মানবাধিকার কর্মী মাইকুল জোদি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘টিলাবেরি অঞ্চল আবারও বর্বরতার কবলে পড়েছে। নিরীহ পরিবারগুলোকে শোক ও হতাশায় নিমজ্জিত করছে।’

দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের সামরিক নেতারা, টিলাবেরিতে বিশাল সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখা সত্ত্বেও, জিহাদি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে লড়াই করেছেন। গত সপ্তাহে এই অঞ্চলে প্রায় ২০ জন সৈন্য নিহত হন।