১৮ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘ ৩৫ বছর পর শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। ক্যাম্পাসে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ থাকলেও নারীদের অংশগ্রহণ কম দেখা গেছে।
রাকসু সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদেও মোট ৩টি পদ ফাঁকা রয়েছে। অর্থাৎ মোট ৪টি পদে কোনো প্রার্থী নেই।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪২ জন। তার মধ্যে ছেলেদের ১৭টি হলে একটিতে ৩ জন, নারীদের ৬টি হলে ৩৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। উদাহরণস্বরূপ, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন নারী শিক্ষার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নারীদের নির্বাচনে অনাগ্রহের কারণ হিসেবে তারা প্রধানত সাইবার বুলিং, নিরাপত্তাহীনতা, পারিবারিক চাপ ও টিজিংয়ের মতো সমস্যার কথা উল্লেখ করেছেন।
রাকসু কেন্দ্রীয় সংসদের একমাত্র কার্যনির্বাহী নারী প্রার্থী তামান হায়াত বলেন, আমরা অনেকেই মনে করি, রাকসু একটি রাজনৈতিক ইস্যু। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে, এটা অনেকের পরিবার মানতে চায় না। সাইবার বুলিংসহ নানা সমস্যার কারণে নারীরা নির্বাচনে অংশ নিতে ভয় পান।
‘রাকসু ফর রেডিক্যাল চেইঞ্জ’-এর জিএস পদপ্রার্থী আফরিন জাহান মেরিন বলেন, ‘নারীরা জন্মগতভাবে নয়, সমাজ ও পরিবার তাদের নারীর রূপে গড়ে তোলে। নির্বাচনে অংশ নিলে পরিবারের চাপ ও অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়। তাই নারীদের অংশগ্রহণ কম।’
ছাত্রদল মনোনীত মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী স্বপ্না আক্তার বলেন, সাইবার বুলিংয়ের কারণে নারীরা এগোতে চাইলেও পিছিয়ে যাচ্ছেন। পরিবারিক সমর্থন না থাকলে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না।
ছাত্রশিবির মনোনীত সাইয়েদা হাফসা বলেন, নিরাপত্তা ইস্যু মূল বাধা। অনলাইনে সামনে আসা নারীরা বিভিন্ন হুমকির মুখোমুখি হচ্ছেন, তাই পরিবার বাধা দিচ্ছে।
ফোকলোর বিভাগের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী বলেন, নারীরা নির্বাচনে না আসায় বিশ্ববিদ্যালয় যোগ্য নেত্রী হারাচ্ছে। শুধু সাইবার বুলিং নয়, আরও নানা কারণে নারীরা পিছিয়ে। সভা ও সেমিনারের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে সমাধান করতে হবে।