বিমানবন্দর নিয়ে ভুয়া তথ্য পোস্ট, ইউটিউবার গ্রেপ্তার

১৮ সেপ্টেম্বর, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগে ভারতের গোয়া অঞ্চল থেকে অক্ষয় বশিষ্ঠ নামের একজন ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ দায়েরের দুইদিন পর গ্রেপ্তার করা হয়েছে তাকে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে গোয়ার দ্বিতীয় বিমানবন্দরের কার্যক্রম শুরু হওয়ার পর বিমানবন্দর সম্পর্কে মিথ্যা তথ্য ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেন ইউটিউবার অক্ষয়। এ কারণে গত ১৫ সেপ্টেম্বর পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ৩৫৩(২) (দুষ্টুমির মাধ্যমে বিবৃতি) এবং ধারাপ ৩(৫) (সাধারণ উদ্দেশ্য)-এর অধীনে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ দায়েরের দু’দিন পর বুধবার (১৭ সেপ্টেম্বর) দিল্লির মোপা বিমানবন্দর পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ইউটিউবারকে।

এ ব্যাপারে পুলিশ সুপার (অপরাধ) রাহুল গুপ্তা বলেন, মোপা বিমানবন্দর থানার সঙ্গে যুক্ত একটি টিম অভিযুক্ত ব্যক্তি অক্ষয় নামের এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে। অধিক তদন্তের জন্য ওই ব্যক্তিকে বিমানবন্দর থানায় আনা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার অক্ষয় সোশ্যাল মিডিয়ায় প্যারানরমাল অভিজ্ঞতা ও ভৌতিক গল্প নিয়ে কনটেন্ট পোস্ট করেন। সম্প্রতি ‘গোয়াকা হন্টেড এয়ারপোর্ট’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওটিতে বিমানবন্দর সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। যা একদমই মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও কুসংস্কারপূর্ণ। জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরির জন্য সেসব ভুয়া তথ্য যথেষ্ট।

প্রসঙ্গত, বিমানবন্দরটি বর্তমানে ২৪ ঘণ্টা চালু রয়েছে এবং এখানে সর্বক্ষণ বিমান চলাচল করে।