১৯ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১৮ জনকে যাচাই-বাছাইয়ের জন্য থানায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাষাড়া রেলস্টেশন ও ইসদাইর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ৭০-৮০ জনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে ২৭ জনকে চিহ্নিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ৯ জনকে কারাদণ্ড প্রদান করেন। তাদের মধ্যে সাত দিনের সাজাপ্রাপ্ত তিনজন হলেন, রাকিব (২০), রাজন (২১), রবিন (২৫)। ১৫ দিনের সাজাপ্রাপ্ত তিনজন হলেন জাহাঙ্গীর (২৫), হানিফ (২৫), লিমন (১৯)। ৩০ দিনের সাজাপ্রাপ্ত তিনজন হলেন লেবু শেখ (৫০), ফারুক (৬৫), সিয়াম (২০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৭০-৮০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১৮ জনকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদকসেবীদের কারণে কিশোর গ্যাং, হত্যা, চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, আটক ১৮ জনকে যাচাই শেষে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সাজাপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানের সময় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ অভিযানের মাধ্যমে নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।