১৯ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে শিউলি আক্তার (৩৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃতার স্বামী মানিক মিয়াকে (৪০) হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের পলাশতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গৃহস্থালির জিনিসপত্র কেনার জন্য স্বামী মানিক মিয়ার কাছে আবদার করেন শিউলি আক্তার।
কিন্তু মানিক এতে রাজী হননি। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মানিক ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুকের বাঁ ও ডান পাশে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি।
পরবর্তীতে স্থানীয়রা মানিককে আটক করে রায়পুরা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী মানিক। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।