১৯ সেপ্টেম্বর, ২০২৫
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেফাজতের আমির আরো বলেন, ‘সহিহ আকিদার সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
তাদের সঙ্গে ঐক্যবব্ধ হওয়ার চিন্তাও করবেন না, যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে তারা অনেক বই-পুস্তকও রচনা করে গেছেন। এসব ভ্রান্ত আকিদার কোনো দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না।’
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে তিনি বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
মুহিব্বুল্লাহ বাবুনগরী আরো বলেন, ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না।
এ দেশের দাওয়াতে তাবলিগ, মসজিদ-মাদরাসার যেন কোনো ক্ষতি না হয়, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, যাদের কাছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুম আজ্বমাঈনের শান ও সম্মান নিরাপদ নয়, তারা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন না।
সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ কওমি মাদরাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ জমিয়তের শীর্ষ নেতারা।