ডেঙ্গুতে বরগুনা-চট্টগ্রামে চারজনের মৃত্যু

২১ সেপ্টেম্বর, ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার পাথরঘাটায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে বরগুনা ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে।

বরগুনার মৃতরা হলেন– পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫) এবং কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫)। এ ছাড়া একই দিনে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)। 

বরগুনার সিভিল সার্জন সূত্র জানায়, এ বছর বরগুনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারি হিসাবে এ সংখ্যা ১১ জন। জেলাটিতে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি মাঝখানে কিছুটা কমলেও বর্তমানে দুটি উপজেলায় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, একজনের ডেঙ্গু উপসর্গ ছিল না। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গত জুনের মাঝামাঝি বরগুনায় এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম চালায়। তাতে বরগুনা পৌরসভায় ৩১ শতাংশ ও গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে বলে জানানো হয়। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন বলছে, চট্টগ্রামে ডেঙ্গুতে নাসিমা আক্তার (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৯। গত এক দিনে নতুন করে ৩৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নাসিমা আক্তার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা। সিভিল সার্জনের কার্যালয় জানায়, তাঁর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম ও বেশ কয়েকটি শারীরিক সমস্যা লেখা হয়েছে।