২১ সেপ্টেম্বর, ২০২৫
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এই অভিযান চলে। রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।
তিনি জানান, অভিযানে তাদের কাছ থেকে আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্র জানায়, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। এসময় ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার করেন তারা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।