২২ সেপ্টেম্বর, ২০২৫
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে বড় আপডেট। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ পারপ্লেক্সিটি এআই তাদের হোয়াটসঅ্যাপ বট-এ যুক্ত করেছে গুগলের অত্যাধুনিক জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ মডেল – ন্যানো ব্যানানা। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপেই সহজ নির্দেশনা দিয়ে ছবি তৈরি ও সম্পাদনা করতে পারবেন।
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অরবিন্দ শ্রীনিবাস তার লিঙ্কডইন পোস্টের মাধ্যমে এই আপডেটের ঘোষণা করেছেন। এর ফলে ব্যবহারকারীদের আর আলাদা করে গুগল এআই স্টুডিও বা জেমিনি প্ল্যাটফর্মে যেতে হবে না।
হোয়াটসঅ্যাপে ন্যানো ব্যানানা ব্যবহার করার নিয়ম
ন্যানো বানানা ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপে পারপ্লেক্সিটি এআই বটকে বার্তা পাঠাতে হবে। ব্যবহারকারীদের শুধু +১ (৮৩৩) ৪৩৬-৩২৮৫ নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে হবে। একবার কথোপকথন শুরু হলে ব্যবহারকারী ছবি পাঠাতে পারবেন এবং নির্দেশনা দিতে পারবেন। যত বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে, তত বেশি ভালো ও নির্ভুল ফল পাওয়া যাবে। যেমন কেউ যদি ৪কে মানের রেট্রো পোর্ট্রেট বা শাড়ি ট্রেন্ডের ছবি চান, তবে ন্যানো বানানা সেই অনুযায়ী নিখুঁত ছবি তৈরি করবে। এই অভিজ্ঞতা গুগলের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের সমান হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হওয়ার সুবিধা
পারপ্লেক্সিটির মতে, এই সংযোজনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বাড়াতে পারবেন। এখন সহজ ভাষায় লিখে ছবি তৈরি করা যাবে, ফলে গ্রাফিক ডিজাইন বা ছবি সম্পাদনার জন্য আলাদা কোনো টুল ব্যবহার করার প্রয়োজন হবে না। শুধু ছবি পাঠিয়ে বা নির্দেশনা লিখে কয়েক সেকেন্ডেই পছন্দমতো ছবি পাওয়া যাবে। এর ফলে কনটেন্ট নির্মাতা, বিপণনকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা দ্রুত তাদের প্রকল্পে ছবি ব্যবহার করতে পারবেন।
ফ্রি নাকি পেইড?
যদিও পারপ্লেক্সিটি এখনো স্পষ্ট করেনি এই ফিচারটি পুরোপুরি বিনামূল্যে থাকবে কিনা। গুগল তার জেমিনি ইমেজ মডেলের জন্য সীমিত বিনামূল্যে ব্যবহার সুবিধা দেয় এবং অর্থ প্রদানকারী ব্যবহারকারীদের জন্য বেশি সুবিধা দেয়। তাই ধারণা করা হচ্ছে পারপ্লেক্সিটি বটের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। আপাতত ব্যবহারকারীরা এটি পরীক্ষা করে দেখার সুযোগ পাবেন এবং পরে সাবস্ক্রিপশনের মাধ্যমে অতিরিক্ত সুবিধা নেওয়া যাবে।
গুগলের উন্নত ইমেজ মডেল
ন্যানো বানানা গুগলের অন্যতম উন্নত ছবি তৈরির মডেল, যা ২৬ আগস্ট ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এরপর থেকেই এটি ডেভেলপার ও সৃজনশীল ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে মডেলটি জেমিনি এপিআই, গুগল এআই স্টুডিও এবং ভেরটেক্স এআই-এর মাধ্যমে ডেভেলপার ও প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত। পারপ্লেক্সিটির হোয়াটসঅ্যাপ বট-এ ন্যানো বানানা যুক্ত হওয়ায় সাধারণ ব্যবহারকারীরাও সহজে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।