ওমানে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২৩ সেপ্টেম্বর, ২০২৫

ওমানে নির্মাণকাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মারা গেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের প্রবাসী জিয়াউদ্দিন মোল্লা (৩৮)।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে দেশটির সরকারি নিজওয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জিয়াউদ্দিন টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিন বছর আগে জীবিকার তাগিদে ওমানে গিয়ে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

 

গত ১৫ সেপ্টেম্বর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে নিজওয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়।

 

বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে তার স্ত্রী ও পাঁচ বছরের সন্তান ইয়াসিন মোল্লা রয়েছে।

 

এ তথ্য নিশ্চিত করে নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, মরদেহ দেশে ফেরাতে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে।