নওগাঁয় যুবদলের ৩ নেতা বহিষ্কার, ২ জনকে শোকজ

২৪ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জেলা শাখার তিন নেতাকে বহিষ্কার এবং আরও দুই নেতাকে শোকজ করেছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ অন্যান্য সাংগঠনিক অপরাধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ময়নুল হক লিটন সংগঠনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন।

বহিষ্কৃত নেতারা হলেন- নওগাঁ আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইদুল ইসলাম কালু, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকিল সরদার, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. লিটন।

শোকজপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. চাঁন মুন চাঁন, রাণীনগর উপজেলা পারইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুর রহমান জাহিদ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম. রওশন উল ইসলাম ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের যে কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। নওগাঁ জেলা যুবদলের আওতাধীন সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।