ইসরায়েলে আঘাত হানল হুতি ড্রোন, আহত ২২

২৫ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে সরাসরি আঘাত হেনেছে বিস্ফোরকবাহী একটি ড্রোন। এতে অন্তত ২২ আহত হয়েছেন, যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর। ধারণা করা হচ্ছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই ড্রোন ছুঁড়েছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) শহরের একটি শপিং এলাকার একটি হোটেলের কাছে আছড়ে পড়ে ড্রোনটি। 

এ ঘটনা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে- সতর্কতামূলক সাইরেনের মধ্যেই ড্রোনটি সরাসরি আঘাত হানে এবং বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। 

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ডেভিড আদম অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, আহতদের মধ্যে ৬০ এবং ২৬ বছর বয়সী দুজন পুরুষ রয়েছেন, যাদের অবস্থা গুরুতর এবং ৩০ বছর বয়সী এক তরুণ মাঝারি আঘাতপ্রাপ্ত এবং আরও ১৯ জন সামান্য আঘাত পেয়েছেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের বেশিরভাগই শাপনেলের আঘাতে হয়ে আহত হয়েছেন, গুরুতর আহতদের বীরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে স্থানান্তরের জন্য ইসরায়েলি বিমানবাহিনী একটি হেলিকপ্টার পাঠিয়েছে। বাকি আহতদের দেশের সবচেয়ে ছোট জেনারেল হাসপাতাল, ইলাতের ইয়োসেফতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই ড্রোন হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করতে তারা দুটি আয়রন ডোম ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, তবে ক্ষেপণাস্ত্রগুলো এটি আটকাতে ব্যর্থ হয়। এরপর এটি ইলাতে আঘাত হানে।

আয়রন ডোম কেন ড্রোন আটকাতে পারল না সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

এরআগে গত বৃহস্পতিবারও ইলাতে ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। শহরের একটি আবাসিক হোটেলে আঘাত হানে সেই ড্রোন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সূত্র: টাইমস অব ইসরায়েল