কুড়িগ্রামের রাজারহাট থানার ওসি নাজমুল আলম পুনর্বহাল

০৪ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলমকে প্রত্যাহারের আটদিন পর পুনর্বহাল করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তিনি আবার যোগ দেন। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

জানা যায়, গত ১ আগস্ট রাজারহাট থানায় যোগদানের দুই মাসের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর রাতে নাজমুল আলমকে প্রত্যাহার করা হয়।

পরদিন ২৫ সেপ্টেম্বর এ খবর জানাজানির পর জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রত্যাহারের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। ওইদিন বিকেলে তাকে পুনর্বহালের দাবিতে রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। ওসি প্রত্যাহারের পর স্বপদে কর্মস্থলে যোগদানের বিষয়টি বিরল বলে মনে করেন অনেকে।

ওসি নাজমুল আলম রাজারহাট থানায় যোগদানের পর মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা তৈরি করতে ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ ও আইনবিরোধী নানা কর্মকাণ্ডে সচেতনতা তৈরি করেন। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদসমূহে সচেতনতামূলক আলোচনাসহ মাদক কারবারি ও জুয়াড়ি গ্রেপ্তারে কঠোর ভূমিকার জন্য তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

ওসি নাজমুল আলম বলেন, এ থানায় যোগ দিয়ে মাত্র এক মাস ২৪ দিনে মাদক, জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছি। মানুষের ভালোবাসায় আবার পুনর্বহাল হলাম।