০৪ অক্টোবর, ২০২৫
ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে কর্মবিরতি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, শ্রীপুর শাখার ব্যানারে আয়োজিত কর্মবিরতিতে বক্তারা দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের দাবি জানান।
শ্রীপুর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমীরুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। আমরা ছয় দফা দাবি জানিয়েছি। এর মধ্যে রয়েছে- নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) যুক্ত করা, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে উন্নীত করার ব্যবস্থা।’
কর্মবিরতির ফলে টিকাদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানান শ্রীপুর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শেখ। তিনি বলেন, ‘বর্তমানে টিসিভি ক্যাম্পেইন, নিয়মিত ইপিআই কার্যক্রমসহ সকল টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, এস এম শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য মো. শামীমসহ শ্রীপুর উপজেলার সকল স্বাস্থ্য সহকারী।