সিলেটের ওসমানী বিমানবন্দরের রানওয়ের পাশে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

০৯ অক্টোবর, ২০২৫

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

 

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, রাতে রানওয়ে এলাকার পাশে ট্রান্সফরমারের সংযোগের তার চুরি করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে বিমানবন্দর পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

 

মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।