০৯ অক্টোবর, ২০২৫
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ আর নেই। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় তিনি ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। অসুস্থতার কারণে গত মঙ্গলবার তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়েছিল। মরহুমের পরিবারের সদস্য লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার গত রাতে কালের কণ্ঠকে এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার আরো জানান, তোফায়েল আহমেদের মরদেহ রাতেই চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আজ বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হবে।
তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। তিনি নলেজ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক ওয়ার্ল্ডওয়াইডের (নলেজ ট্রাস্ট) চেয়ারপারসন ছিলেন।
তোফায়েল আহমেদের জন্ম ১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামে। তিনি ১৯৭৫ সালে ফতেহপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে কর্মরত ছিলেন।
তিনি ১৯৮১ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষদ হিসেবে যোগ দেন। ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির স্থানীয় শাসন উপদেষ্টা ছিলেন।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তোফায়েল আহমেদকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়োগ করে।