১৩ অক্টোবর, ২০২৫
শিশুকে খেলতে দিয়ে দুপুরে রান্না করতে ব্যস্ত ছিলেন মা, এরই ফাঁকে বাড়ির পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশুর।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুজাহিদ। মুজাহিদ ওই গ্রামের উত্তরপাড়া মজুমদার বাড়ির মিশুক চালক মোজাম্মেলের
একমাত্র শিশুসন্তান।
রবিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা নুরুন্নবী।
তিনি জানান, মোজাম্মেল সকালে মিশুক নিয়ে বাইরে চলে যায়। আর মোজাম্মেলের স্ত্রী দুপুরের খাবার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে তাদের একমাত্র শিশু ছেলে মুজাহিদ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে আমি পানিতে নেমে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাশেম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশু মুজাহিদের মৃত্যু হয়েছে।