২০ অক্টোবর, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সদ্য নিহত শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় শোকাহত। পবিত্র দীপাবলির দিনে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনাসভা আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দীপাবলির পবিত্র দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রার্থনার মাধ্যমে জোবায়েদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে অংশগ্রহণকারীরা মোমবাতি হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন পদযাত্রা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতনী মানবাধিকার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। আয়োজকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ সনাতনী শিক্ষার্থীরা জোবায়েদের স্মরণে শোকের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন।
এ সময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় এবং সনাতন ছাত্র সংসদের সাবেক নেতারা। অমৃত রায় বলেন, জোবায়েদের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মৌন পদযাত্রার মাধ্যমে আমরা সকল জবিয়ানদের কাছে শোকের বার্তা পৌঁছে দিয়েছি।
হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন, আমরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করব এবং জোবায়েদের আত্মার শান্তি কামনা করি।
পরে উপস্থিত বিভিন্ন সনাতনী ও মানবাধিকার সংগঠনের শিক্ষার্থীরা বক্তব্য দেন এবং সহপাঠী জোবায়েদের সঙ্গে তাদের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন।