২১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানির সুপারভাইজার জুনায়েদ সরদারকে গুলির ঘটনায় জড়িত শুটার জনিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার জুরাইন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, একইদিন রাত ১১টার দিকে জনির দেখানো মতে তার ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি ঘটনাটিতে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট বেলা ১১টার দিকে সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বিক্রমপুর মডেল টাউনের সুপারভাইজার জুনায়েদ সরদারকে গুলি করে পালিয়ে যায়। এতে তার কোমর ও দুই পায়ে তিনটি গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর অভিযান অব্যাহত ছিল। তারা হেলমেট পরে গুলির ঘটনা ঘটিয়েছে। যাওয়ার পথে হেলমেট ফেলে দিয়ে যায়। এতে করে পুলিশ হেলমেট পরিহিত আসামি খুঁজতে থাকে। তাই আসামি খুঁজতে সময় লাগে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।