২২ অক্টোবর, ২০২৫
রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগে পালশা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়।
অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরে পালশা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা অফিসে রাখা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর এবং অফিসের চেয়ার, আসবাবপত্র ভাঙচুর করে।
নওপাড়া ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন অভিযোগ করে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বিএনপির নামধারী কিছু লোকই রাতের আঁধারে এই ভাঙচুর করেছে। ব্যারিস্টার রেজাউলের আয়োজন ও নেতাকর্মীর সমাগম দেখে দলীয় প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, দুষ্কৃতকারীরা বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে এই ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং বিচার দাবি করছি।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুর মন্ডল বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণকারীরা কখনো তাদের ছবি ভাঙবে না। যারা করেছে তারা আওয়ামী লীগের দোসর।
দ্রুত পুলিশের তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তি দাবি জানাচ্ছি।
ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সুবিধাভোগীরা হামলা করেছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিতভাবে থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।