২২ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে মন্টু বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার(২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামান্না গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মন্টু বিশ্বাস ওই গ্রামের মৃত ইন্তাজ আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, কামান্না গ্রামের বাসিন্দা আবু তালেব ও মুকুলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জেরে মঙ্গলবার রাতে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় মন্টু বিশ্বাস গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মন্টু মারা গেছেন।
তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে জানতে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাসুম খানের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।