২৪ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির।
এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল মাহমুদও উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, অভিযানে নাম ও অনুমোদনবিহীন কারখানাটি থেকে ৮২৫ কেজি অবৈধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল মাহমুদ জানান, সদর দপ্তরের নির্দেশনায় প্রায় প্রতিদিনই পলিথিনবিরোধী অভিযান চলছে। আজকের অভিযানে র্যাব ও জেলা প্রশাসনের সহায়তায় একটি অবৈধ গুদাম চিহ্নিত করে বন্ধ করা সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটি ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫’ লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির বলেন, কারখানাটি ৬ মাস ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছিল। সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।