২৫ অক্টোবর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে সাতটি ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার শাজাহানপুর ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরবাগডাঙ্গা বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান চালায়। ওই সময় সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ ভেতরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় প্রথমে চারটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। পরে নদীর ভেতরে একটি চর থেকে আরও তিনটি মহিষ জব্দ করে টহল দল।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘চোরাচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’