ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিচার ও সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

২৫ অক্টোবর, ২০২৫

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিচার ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তারা নজরুলের সম্পদ বাজেয়াপ্ত করে অর্থ উদ্ধার এবং তার সহযোগীদেরও গ্রেফতারের দাবি তুলেছেন। 

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহিম ভুঁইয়া, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব (পিএস) শাহাদাত হোসেন, রিয়েল এস্টেট বিভাগের ইনচার্জ আজগর আলী ছাড়াও মানববন্ধনে কোম্পানির বর্তমান বোর্ড সদস্য, কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের বীমাকর্মী ও ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন। তারা গ্রেপ্তার নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। 

ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তার ঘনিষ্ঠ সহযোগী এম এ খালেক ও হেমায়েতসহ একটি সংঘবদ্ধ চক্র ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে ৪০ লাখ গ্রাহকের কষ্টার্জিত চার হাজার কোটি টাকার অধিক সমমূল্যের সম্পত্তি আত্মসাৎ করে। এই দুর্নীতির কারণে কোম্পানির ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষুণ্ণ হয়, গ্রাহকদের মধ্যে অস্থিরতা দেখা দেয় এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। বর্তমানে কোম্পানির কর্মকর্তা, ডেস্ক কর্মী ও মাঠপর্যায়ের বীমাবিক্রেতারা সাধারণ মানুষের ক্ষোভ ও প্রশ্নের মুখে পড়ছেন, যা তাদের পেশাগত জীবনে বিরাট চাপ সৃষ্টি করছে।

মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান—দুদকের হাতে গ্রেফতার নজরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সম্পদ বাজেয়াপ্ত করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করতে হবে এবং সংশ্লিষ্ট সঙ্গীদেরও চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। 

বক্তারা বলেন, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে নানা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়ে সহযোগিতা চাওয়ার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।