টিকা নিলেন প্রধানমন্ত্রী

০৪ মার্চ, ২০২১

করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে গণভবনে তিনি টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।