২৭ অক্টোবর, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনে চলমান ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা রোধে র্যাব-১১ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে র্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
র্যাবের হাতে ধরা পড়া ব্যক্তিরা হলো—চক্রের মূলহোতা সাইদুল বেপারী (২৭), সৈকত হোসেন (২৮) এবং হৃদয় (২০)।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ মানুষ, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল।
র্যাব আরো জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে খবর প্রকাশের পর র্যাব-১১ একটি বিশেষ গোয়েন্দা দল তদন্ত শুরু করে। তদন্তে চক্রটির গতিবিধি নিশ্চিত হয়ে একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, সাইদুল বেপারীর নেতৃত্বাধীন এই চক্রের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) শাহিনুর আলম কালের কণ্ঠকে জানান, র্যাব আসামিদেরকে থানায় বুঝিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।