২৭ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়িতে মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের হিলবালু খালী ছানাগোনা এলাকায় টিলা থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র যায়, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছানাগোনা মসজিদের পশ্চিম পাশে সরকারি খাস খতিয়ানের টিলা থেকে গত কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল।
মাটি কাটার সময় হঠাৎ পাহাড় ধসে আরিফ মাটির নিচে চাপা পড়েন। অন্য শ্রমিকরা তড়িঘড়ি করে উদ্ধারের চেষ্টা করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কোনো অভিযোগ না থাকায় পরিবার মরদেহ নিয়ে গেছে।
তিনি আরো বলেন, অবৈধ মাটি কাটার বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।