আমিরাতে তিন গাড়িতে আগুন, প্রাণ হারালেন দুই বাংলাদেশি

২৭ অক্টোবর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

নিহতরা হলেন— নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)। 

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে আবুধাবির খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে এ দুর্ঘটনা ঘটে। 

আহত মোক্তার আলী জানান, সেদিন ভোরে তিনি তার বন্ধু নাসির উদ্দিনকে নিয়ে আবুধাবি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের হামিম এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে গাড়ির ত্রুটি দেখা দিলে তিনি সেটি রাস্তার পাশে দাঁড় করান। এরপর সহযোগিতার জন্য আরেক বন্ধু আমির হোসেন রুবেলকে ফোন করেন তিনি। 

রুবেল তার গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নষ্ট গাড়িটির কুল্যান্টে পানি ঢালতে যান এবং মোক্তারকে ইঞ্জিন চালু করতে বলেন। সেসময় রুবেল ও নাসির দুই গাড়ির মাঝখানে অবস্থান করছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে ছয় চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি দুটিকে সজোরে আঘাত করে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। 

ধাক্কায় তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান রুবেল। আর মাথায় আঘাত পেয়ে মারা যান নাসির। তবে, মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেয়েও প্রাণে বেঁচে যান। পরে তাকে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুই নিহতের মরদেহ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেলের ১২ ও ১ বছরের দুই ছেলে এবং ৭ বছরের এক মেয়ে রয়েছে। অন্যদিকে, নাসিরের রয়েছে ১১ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে। 

ঘটনার পর পুলিশ ট্রাক ও তার চালককে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের মধ্যে থাকায় দুর্ঘটনাটি ঘটে। 

প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান মোক্তার আলী।