২৯ অক্টোবর, ২০২৫
রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় সম্রাট সানি (২৫) নামের এক যুবককে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সম্রাট শরিয়াতপুর ডামুড্যা থানার ধুপখোলা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে।
বর্তমানে খিলগাঁও পূর্ব গোড়ান আর্দশ স্কুল গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।
হাসপাতালে নিয়ে আসা রিফাতুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বখাটে, মাদক কারবারি নুহু, সাইদিসহ ৪/৫ জন সানিকে আহত করেন এবং তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহতের ভাই রবিউল ইসলাম জানিয়েছেন, তালতলা বাজার এলাকা থেকে এক লাখ টাকা দিয়ে সানিকে বাসায় নিয়ে যেতে বলা হয়। পথে পূর্ব গোড়ান এলাকায় তাকে আহত করে টাকাগুলো নিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।