বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

৩০ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছখুরিয়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে।

বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মসলেম উদ্দিন জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মোজাহারুল ইসলাম। পথে বর্ষা গোপালপুর এলাকায় বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে।