৩১ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় মাঈনউদ্দিন (৩৫) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও এক যাত্রী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাঈনউদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশের মাধ্যমে খবর পেয়ে নিহতের স্বজনরা এসে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকামুখী একটি কাভার্ডভ্যান কাঁচপুর সেতুর ওপর উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে নেমে যায়। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী মাঈনউদ্দিন মারা যান এবং চালকসহ আরেক যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।