৩১ অক্টোবর, ২০২৫
রাজধানীর উত্তরায় জুলাই শহিদদের স্মরণে দিনব্যাপী ‘জুলাই গ্রাফিতি ও পেইন্টিং’ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর (শনিবার) উত্তরার ৩ নম্বর সেক্টরে অবস্থিত শহিদ মুগ্ধ মঞ্চে ওই গ্রাফিতি ও পেইন্টিং পতিযোগীতা অনুষ্ঠিত হবে।
এতে রাজধানীর উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক শহিদ মুগ্ধ মঞ্চ কমিটি।
এ তথ্য নিশ্চিত করে শহিদ মুগ্ধ মঞ্চ কমিটির সদস্য শিবলী হাওলাদার যুগান্তরকে বলেন, আয়োজনের উদ্দেশ্য হলো জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণ করা ও তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা।
আয়োজকরা বলেন, এটি কেবল একটি শিল্প প্রদর্শনী নয়, এটি একটি স্মৃতি ও চেতনার উৎসব। যেখানে রঙ ও তুলির মাধ্যমে ফুটে উঠবে স্বাধীনতা এবং গণমানুষের আত্মত্যাগের গল্প।
শিবলী হাওলাদার বলেন, আমরা উত্তরা এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক একাডেমি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রং ও তুলি আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে। তবে চাইলে তারা নিজস্ব তুলি ও উপকরণ আনতে পারবেন।
প্রতিযোগিতায় সেরা গ্রাফিতি শিল্পীদের জন্য তিনটি ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আগ্রহীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা সরাসরি মুগ্ধ মঞ্চ কমিটির মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন।