৩১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দামপাড়ার ওয়াসা মোড় সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি দুর্ঘটনায় পড়ে।
আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ জন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।