৩১ অক্টোবর, ২০২৫
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসলে নেমে আপন ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম জানান, নিহতরা হলেন স্থানীয় দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২), ছেলে আবু সাঈদ (৮) এবং সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সায়েবা আক্তার (৯)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। এ ছাড়া চর ভাটিয়ানি এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তার (৮) ও এক অজ্ঞাতপরিচয় শিশু মেয়ে বৈশাখী এখনো নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থেকে বেড়াতে আসা সায়েবা আক্তার ও তার ভাইসহ মোট ছয়জন শিশু বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সবাই পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠে আসে এবং ঘটনাটি জানায় স্থানীয়দের।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। তবে এখনো কুলসুম আক্তার ও বৈশাখী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘তিন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, বাকি দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’